google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: তারেক রহমান: ‘সংস্কার ইস্যুতে বিএনপির দ্বিমত গণতন্ত্রের অংশ’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার ইস্যুতে রাজনৈতিক জোটগুলোর মধ্যে মতবিরোধ থাকাই গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। তিনি মন্তব্য করেন, “বিএনপি যদি ‘নোট অফ ডিসেন্ট’ দেয়, তাহলে বলা হয় সমস্যা। অর্থাৎ বিএনপিকে যদি সবার সঙ্গে একমত হতে হয়, তাহলে ঠিক আছে, আর যদি দ্বিমত হয় তাহলে বেঠিক—এটি তো গণতন্ত্র নয়।”
১৭ বছর পর বিবিসি বাংলাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান। সোমবার প্রথম পর্ব প্রকাশের পর মঙ্গলবার দ্বিতীয় ও শেষ পর্ব প্রচার করেছে বিবিসি।
সাক্ষাৎকারে তিনি সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক, ওয়ান ইলেভেন এবং সামগ্রিক রাজনীতি নিয়ে কথা বলেন। জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে বিএনপির কিছু মতপার্থক্যের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, গণতন্ত্র মানেই বিভিন্ন মত থাকা। “আমরা অনেক বিষয়ে একমত হব, আবার কিছু বিষয়ে দ্বিমত থাকতেই পারে। এটাই এসেন্স অব ডেমোক্রেসি,”—বলেন তারেক রহমান।
সংস্কার ইস্যুতে বিএনপি হাইড অ্যান্ড সিক করছে না বলেও দাবি করেন তিনি। তারেক রহমান বলেন, “যা আমার কাছে ঠিক মনে হয় না, আমি স্পষ্টভাবেই সেটি বলছি।”
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে সংস্কার অপরিহার্য। যেমন—একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান দাবি করেন, স্বৈরশাসনের সময় এসব সংস্কারের কথা বিএনপিই প্রথম তুলেছিল, তখন অন্য কোনো রাজনৈতিক শক্তি এই বিষয়ে উচ্চারণ করেনি।