google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতসহ আট দল, গণভোটের দাবি নিয়ে নতুন কর্মসূচির প্রস্তুতি
জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে ঢাকায় সমাবেশ করার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের জোট। তাঁরা আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন’-সহ পাঁচ দফা দাবিতে বড় সমাবেশ করে আট দল।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন,
“আমাদের দাবি কম, কিন্তু খুব সুস্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই।”
সমাবেশ শেষে সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়—
জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য বুধবার সাক্ষাতের সময় চাওয়া হবে।
যদি আলোচনায় ফলপ্রসূ সিদ্ধান্ত না আসে, তবে আট দলের জোট কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন—
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ,
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ,
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দিন আহমদ,
খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন,
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজী, মহাসচিব মুসা বিন ইযহার,
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী,
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন,
এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চাঁন ও সাধারণ সম্পাদক কাজী নিজামুল হক প্রমুখ।