রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গুদাম ও আশপাশের এলাকা এখনো ধোঁয়ায় আচ্ছন্ন, ছড়িয়ে পড়েছে তীব্র গন্ধ।
ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় দেখা যায়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আশপাশের পোশাক কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, শ্রমিকরা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।
ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত বেশ কয়েকজন পোশাকশ্রমিককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনো ধোঁয়া উঠছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রাসায়নিকের আগুন সম্পূর্ণ নেভাতে কাজ চালিয়ে যাচ্ছেন।