রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তরা তার ছেলে তাওসিফ রহমান (সুমন)-কে ছুরিকাঘাতে হত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে নগরের ডাবতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, আহত তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ইমন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার সময় তিনিও আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবারসহ রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া থাকতেন। নিহত তাওসিফ নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিচারক আবদুর রহমান সিলেটে কর্মরত থাকাকালে অভিযুক্ত ইমনের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।