google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ক্ষুব্ধ সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের সঙ্গে সাংবাদিকদের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে। তখন আখতার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে পৌঁছাননি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএনপি নেতা তারেক রহমানের উপদেষ্টা হুমায়ূন কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় আখতার হোসেন ও তাসনিম জারাকে বরণ করতে আসা এনসিপির নেতা-কর্মীরা উচ্চ স্বরে স্লোগান দিতে শুরু করেন। এতে সাংবাদিকদের অসুবিধা হলে তাঁদের স্লোগান থামানোর অনুরোধ জানানো হয়। কিন্তু সে সময় কিছু নেতা-কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকেরা সংবাদ সম্মেলন থেকে সরে যাচ্ছেন, আর এনসিপির কয়েকজন নেতা তাঁদের ফিরিয়ে আনতে অনুরোধ করছেন। তবে সাংবাদিকেরা অনড় থাকেন।
ঘটনার পর এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দায়ীদের চিহ্নিত করে প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ডিম নিক্ষেপ করেছিলেন।