google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে: ড. আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের উন্নয়ন টেকসই করতে শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী করতে হবে।
শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত ‘সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ থ্রো টিভ্যাট: প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “দেশের উন্নয়নপ্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনা গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, “এক কোটি তরুণকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা দিয়ে কর্মে নিয়োজিত করতে বিএনপি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এটি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত ‘যুবকের হাতকে কর্মীর হাতে রূপান্তর’ নীতিরই ধারাবাহিকতা।”
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সেমিনারে বলেন, “আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো নেতৃত্ব চায়। শিক্ষকদের জাতীয়করণ বা ভাতা বৃদ্ধির বিষয়ে চিন্তা করতে হবে না— কারণ বিএনপি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।”
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।