সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মাজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই যুক্তিতর্ক উপস্থাপন করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। শুনানি সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে।
এর আগে পরপর পাঁচ কার্যদিবস রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আবেদন করেছে। পাশাপাশি আহত ও নিহত জুলাইযোদ্ধাদের ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পত্তি বিক্রিরও আবেদন জানানো হয়।
এছাড়া, আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। সেখানে ১৭তম সাক্ষী হিসেবে সাবেক পুলিশ কর্মকর্তা এনায়েত হোসেন সাক্ষ্য দিচ্ছেন। আদালতে গ্রেফতার ৮ আসামিকেও হাজির করা হয়েছে।