google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: তিন-মাসে-বাংলাদেশে-দেড়-কোটির-বেশি-ভিডিও-মুছে-ফেলেছে-টিকটক
নীতিমালা লঙ্ঘনের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও মুছে ফেলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
টিকটকের মতে, বাংলাদেশে নীতিমালা-বিরোধী ভিডিও সরানোর হার ছিল ৯৯ দশমিক ৭ শতাংশ, যার মধ্যে ৯৭ দশমিক ৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলা হয়েছে।
প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে এপ্রিল থেকে জুন মাসে টিকটক মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও মুছে ফেলেছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ।
এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুছে ফেলা হয়, আর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পর্যালোচনার পর পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।
একই সময়ে ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট টিকটক বন্ধ করে দিয়েছে।
মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে—
৩০ দশমিক ৬ শতাংশ ছিল কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের কারণে,
১৪ শতাংশ নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের কারণে,
এবং ৬ দশমিক ১ শতাংশ গোপনীয়তা ও সুরক্ষা নীতিমালা ভঙ্গের কারণে।
এ ছাড়া ভুল তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ভিডিও এবং বিভ্রান্তিকর কনটেন্টও মুছে ফেলা হয়েছে।
উল্লেখ্য, টিকটক নিয়মিতভাবে তাদের ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট’ প্রকাশ করে, যেখানে প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণ ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনার স্বচ্ছতা তুলে ধরা হয়।