google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় শতাধিক আহত

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন: আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় শতাধিক আহত ছবির ক্যাপশন: আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় শতাধিক আহত
ad728

ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একাধিক যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

ঘটনাটি ঘটে রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার খাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ‘ব্যাচেলর প্যারাডাইস হোস্টেল’-এর পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাঁদের মধ্যে একজন অসর্তকতাবশত থুতু ফেললে তা পাশ দিয়ে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশি অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই হোস্টেলে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখান। এরপর উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ড্যাফোডিলের প্রক্টরিয়াল টিম উপস্থিত হয়ে সিটি ইউনিভার্সিটি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালান। কিন্তু এর কিছুক্ষণ পর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মারধর করেন। এর জেরে ক্ষুব্ধ ড্যাফোডিল শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করে তিনটি বাস, একটি প্রাইভেটকারে আগুন দেয় এবং আরও কয়েকটি যানবাহন ও ভবনে ভাঙচুর চালায়।

পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক সৈয়দ মিজানুর রহমান বলেন, “এটি সম্পূর্ণ অসর্তকতার ঘটনা ছিল। বিষয়টি শুরুতেই মিটে গিয়েছিল। কিন্তু রাতে এসে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

ড্যাফোডিলের প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়া জানান, “এ ঘটনায় আমাদের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং এখনো নয়জন শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটিতে আটকে রাখা হয়েছে।”

অন্যদিকে, সিটি ইউনিভার্সিটির প্রক্টর অধ্যাপক আবু জায়েদ বলেন, “ঘটনার সূত্র এখনো পরিষ্কার নয়। তবে এত বড় আকারে সংঘর্ষ ও অগ্নিসংযোগ পরিকল্পিত মনে হচ্ছে। আমাদেরও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।”

আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে দুই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে না যায়।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ