google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: বদলে-যাচ্ছে-টেস্ট-ক্রিকেটের-শতবর্ষ-পুরোনো-রীতি-—-আগে-চা,-পরে-লাঞ্চ
টেস্ট ক্রিকেটের শত বছরের পুরোনো এক ঐতিহ্যে বড় পরিবর্তন আসছে। এবার লাঞ্চের আগে চা বিরতি (টি ব্রেক) দেওয়া হবে—অর্থাৎ রীতিমতো উল্টো হবে পুরোনো ধারা।
আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্টে প্রথমবারের মতো এই নতুন রীতি প্রয়োগ করা হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে এবারই প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
টেস্ট ক্রিকেটে সাধারণত প্রথম বিরতি থাকে লাঞ্চ (৪০ মিনিট) এবং দ্বিতীয় বিরতি চা (২০ মিনিট)। কিন্তু গুয়াহাটির দিনের স্বল্প দৈর্ঘ্যের কারণে এবার এই রীতি পরিবর্তন হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটিতে নভেম্বরের শেষ দিকে সূর্যোদয় হয় তাড়াতাড়ি এবং সূর্যাস্তও হয় আগেভাগে। ফলে দিনের আলো কাজে লাগাতে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়, এবং প্রথম সেশন শেষ হবে ১১টায়।
প্রচলিত নিয়মে এখানে লাঞ্চ বিরতি হওয়ার কথা থাকলেও, এবার ১১টায় হবে টি ব্রেক (২০ মিনিট)। এরপর দ্বিতীয় সেশন শুরু হবে ১১টা ২০ মিনিটে এবং চলবে ১টা ২০ মিনিট পর্যন্ত। এর পর হবে লাঞ্চ বিরতি (৪০ মিনিট)।
দিনের শেষ সেশন শুরু হবে বিকেল ২টায় এবং খেলা শেষ হবে বিকেল ৪টায়।
বিসিসিআইয়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, “গুয়াহাটিতে দিন শুরু হয় দ্রুত এবং শেষ হয় আগেভাগে। তাই মাঠে পর্যাপ্ত সময় নিশ্চিত করতে প্রথমবারের মতো চা বিরতি আগে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
ভারতে সাধারণত টেস্ট ম্যাচ শুরু হয় সকাল সাড়ে ৯টায়—এরপর ১১টা ৩০ মিনিটে লাঞ্চ, ২টা ১০ মিনিটে চা বিরতি এবং ২টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত শেষ সেশন হয়। তবে গুয়াহাটির ম্যাচে সূর্যের অবস্থান ও সময়সূচি বিবেচনায় নতুন রীতি অনুসরণ করা হচ্ছে।
উল্লেখ্য, ভারত–দক্ষিণ আফ্রিকার দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর কলকাতা টেস্ট দিয়ে।