হংকং: প্রায় ৮০ বছরের মধ্যে শহরে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকার ‘ওয়াং ফুক কোর্ট’ আবাসিক কমপ্লেক্সে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ২০০ জন। ৪২ ঘণ্টা ধরে চলছে আগুন নিয়ন্ত্রণে আনার অভিযান।
কমপ্লেক্সে ৮টি ভবন রয়েছে, যেখানে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করতেন। সংস্কারকাজ চলাকালীন এবং ভবনগুলো বাঁশের মাচা ও সবুজ নিরাপত্তা জালে ঢাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, জানালায় দাহ্য ফোম বোর্ডসহ অনিরাপদ নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা অবহেলাজনিত হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
দমকল বিভাগের উপপরিচালক ডেরেক চ্যান জানান, আজ শুক্রবার শেষবারের মতো তারা উদ্ধার অভিযান চালাবেন। সাতটি ভবনের সব ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করা হবে কেউ আটকা নেই। এ সময় প্রচণ্ড তাপ, ঘন ধোঁয়া এবং ভেঙে পড়া মাচা পার করতে হয়েছে।
কমপ্লেক্সের বাসিন্দা জ্যাকি কওক বলেন, “আশা করি, আরও জীবিত কাউকে উদ্ধার করা যাবে। কেউই এমন বিপর্যয় চাইনি।” আহত হয়েছেন অন্তত ৭৯ জন। আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৯০০ জন মানুষ রয়েছেন।
হংকংয়ের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকালে মৃতের সংখ্যা ৯৪ জানানো হলেও দুপুর নাগাদ তা বেড়ে ১২৮ হয়েছে। ১৯৪৮ সালের গুদামের আগুনের পর এটি শহরে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।
প্রেস্টিজ কনস্ট্রাকশনের দুই পরিচালক ও এক প্রকৌশল পরামর্শক গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সুপারিনটেনডেন্ট আইলিন চুং জানিয়েছেন, কোম্পানির দায়িত্বপ্রাপ্তদের মারাত্মক অবহেলা আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার মূল কারণ। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রেস্টিজ কনস্ট্রাকশন কোনো মন্তব্য দেয়নি।