google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: তুরস্কে বড় জুয়া কেলেঙ্কারি: ১৪৯ রেফারি ও সহকারী রেফারি বরখাস্ত
তুরস্কের পেশাদার ফুটবল লিগে জুয়া কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। গতকাল শুক্রবার টিএফএফের শৃঙ্খলা কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে আট থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত নেয়। এছাড়া আরও তিন রেফারির বিরুদ্ধে তদন্ত চলছে।
এর আগে তুরস্কের পেশাদার লিগে ম্যাচ চলাকালীন সময়ে বাজি ধরার অভিযোগ ওঠে এসব রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধে।
ফেডারেশনের তথ্য অনুযায়ী, তুরস্কের বিভিন্ন লিগে দায়িত্ব পালন করা মোট ৫৭১ জন রেফারির বিরুদ্ধে তদন্ত চালানো হয়। তদন্তে দেখা গেছে, ৩৭১ জন রেফারির সক্রিয় বেটিং অ্যাকাউন্ট রয়েছে এবং এর মধ্যে ১৫২ জন সরাসরি জুয়ার সঙ্গে জড়িত। এর মধ্যে ২২ জন (৭ রেফারি ও ১৫ সহকারী রেফারি) তুরস্কের শীর্ষ লিগে ম্যাচ পরিচালনা করতেন।
টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগ্লু এক বিবৃতিতে বলেন,
“তুর্কি ফুটবলের সুনাম গড়ে উঠেছে মাঠের নিষ্ঠা ও ন্যায়ের ওপর। এই মূল্যবোধের সঙ্গে বেইমানি শুধু নিয়মভঙ্গ নয়, এটি একধরনের বিশ্বাসঘাতকতা।”
তিনি আরও জানান, গত পাঁচ বছরে অভিযুক্ত ১০ জন রেফারি প্রত্যেকে ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। একজন রেফারি ১৮ হাজার ২২৭টি ম্যাচে বাজি ধরেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে কেউ নিজেদের পরিচালিত ম্যাচে বাজি ধরেছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ ঘটনায় ইস্তাম্বুলের সরকারি কৌঁসুলির কার্যালয় থেকেও পৃথক তদন্ত শুরু হয়েছে।
তুরস্কের গণমাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, শুধু রেফারিরাই নয়, কিছু ক্লাব ও ফুটবলারও তদন্তের আওতায় আছেন। প্রায় ৩ হাজার ৭০০ খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত চলছে।