google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ‘শাপলা-কলি’-প্রতীক-নিচ্ছে-এনসিপি,-৩০০-আসনে-প্রার্থী-দেওয়ার-ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এ ঘোষণা দেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “আমরা শাপলা কলি নেব। নির্বাচন কমিশনের কিছু স্বেচ্ছাচারী আচরণ রয়েছে, তবে বৃহত্তর স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” তিনি দাবি করেন, ‘শাপলা কলি’ প্রতীককে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তিনি আরও বলেন, “শাপলা কলি শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে। এতে শাপলাও আছে, কলিও আছে। নির্বাচন কমিশনও এ বিষয়ে একটু বিস্তৃতভাবে চিন্তা করেছে।”
এনসিপি নেতার দাবি, দলটির নিবন্ধনসংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, “জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে ধর্মীয় ফ্যাসিবাদ চলছে, আর বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাস বাড়ছে। আমরা এসবের সঙ্গী হতে পারি না।”
তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচন কমিশন এখন অনেকটা ‘ইঞ্জিনিয়ারিং কমিশন’-এ পরিণত হয়েছে। এখানে অনেক কিছুই ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তবুও আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি।”
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সব আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
পূর্বপ্রকাশিত প্রাসঙ্গিক খবর:
‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’র প্রশ্নে আপসহীন এনসিপি (৩০ অক্টোবর ২০২৫)
শাপলা না দিলে নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা থাকবে না: সারজিস (৬ অক্টোবর ২০২৫)
শাপলা আর শাপলা কলি এক নয়: ইসি সচিব (৩০ অক্টোবর ২০২৫)