বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “একটি রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট গঠন করেছে। তারা নির্বাচনের আগে গণভোট দেওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। এটি আসলে নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।”
তিনি আরও বলেন, “গণভোট যদি হয়ও, তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে। দুটি ভোট আলাদাভাবে নিলে বিপুল অর্থ ব্যয় হবে। নির্বাচনের আগে গণভোটের দাবি মূলত নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র।”
বিএনপি মহাসচিব স্পষ্ট করে জানান, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, অন্যথায় দেশের জনগণ সেটি মেনে নেবে না।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই সমাবেশ শেষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, যার নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।