ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে সংঘটিত গাড়ি বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন চালক উমর নবীর জম্মু ও কাশ্মীরের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে। বিস্ফোরণের ঘটনায় উমরের সংশ্লিষ্টতার সন্দেহে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের মধ্যে উমরের বাড়ি ধ্বংস করার কাজ সম্পন্ন হয়েছে।
দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলার তদন্ত চলাকালীন কাশ্মীর, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের বিভিন্ন সংস্থা তথ্য মেলাতে কাজ করছে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের এক মেডিকেল কলেজের অধ্যাপক ও একজন ছাত্রসহ আরও দু’জনকে উত্তর প্রদেশ থেকে আটক করা হয়েছে।
কেন্দ্রীয় মোদি সরকার ফরিদাবাদের আল-ফালাহ ইউনিভার্সিটির নথিপত্রের ফরেনসিক নিরীক্ষার নির্দেশ দিয়েছে। সরকারের দাবি, লাল কেল্লার বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন বেশ কয়েকজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা কর্মরত ছিলেন।
দিল্লি পুলিশ বিস্ফোরিত গাড়িটির চালক উমরের শেষ কয়েক ঘণ্টার গতিবিধি চিহ্নিত করেছে, যা ৫০টির বেশি সিসিটিভি ফুটেজ ব্যবহার করে করা হয়েছে। এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে।
উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন অজুহাতে মুসলিমদের বাড়িঘর ধ্বংস করছে বলে অভিযোগ উঠেছে। এর আগে কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় সন্দেহভাজন মুসলিমদের বাড়িঘর ধ্বংস করার খবর আসে।