বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা নির্মাতা অমিতাভ রেজা এ বছর মার্চে ‘সিনেমা পাঠশালা’ নামের একটি ভার্চুয়াল স্কুল চালুর খবর দিয়েছিলেন। আজ শুক্রবার জানা গেছে, তিনি বিয়ে করতে যাচ্ছেন। নিউইয়র্ক স্থানীয় সময় শনিবার সকালে বর ও কনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। দুজনেই প্রথম আলোকে তাঁদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে অমিতাভ লিখেছেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন …।’ এ পোস্টে বিনোদন অঙ্গনের মানুষরা শুভকামনা জানিয়েছেন।
মুশফিকা মাসুদ প্রথম আলোকে বলেন, ‘অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি কথা বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।’
মুশফিকা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার আত্মার গভীরে একটাই মানুষ বিরাজমান... আর সে হলো তুমি জান।’ একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ‘একসঙ্গে আমরা বিস্ময়করভাবে শক্তিশালী।’ পাল্টা মন্তব্যে অমিতাভ লিখেছেন, ‘তুমি আমার সৌন্দর্য, তুমি আমার জীবন… আমার চার্লি চ্যাপলিন।’ মুশফিকা লিখেছেন, ‘এবং তুমি আমার ওং কার-ওয়াই।’
মুশফিকা মাসুদ যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতকতা সম্পন্ন করেছেন। এরপর তিনি নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করেছেন। তার নির্মিত ‘দ্য অ্যানিভার্সারি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি যুক্তরাষ্ট্রের উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নিয়েছে।
নির্মাতা অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, পরে তাদের দুজনের সঙ্গে দাম্পত্য জীবন শেষ হয়।