জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্য তিনি সমর্থন করেন না। তিনি বিশ্বাস করেন, এই আদালত স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরপেক্ষভাবে বিচার পরিচালনা করছে।
আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির হোসেন। তিনি অভিযোগ করেন, মামলার বিচার কার্যক্রমের একটি অংশ কিছু অসাধু ইউটিউবার ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। সম্প্রতি প্রচারিত একটি ভিডিওতে আদালত ও তাঁর কথোপকথন এবং তাঁর হাসির দৃশ্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আমির হোসেন বলেন, তিনি আশা করেন তাঁর আসামিরা খালাস পাবেন—এটা বলা তাঁর পেশাগত দায়িত্বের অংশ। আদালতে ভিন্ন কথা বলা অনুচিত এবং দায়িত্বজ্ঞানহীন হবে। হাসাহাসির বিষয়টিকেও অতিরঞ্জিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘ট্রাইব্যুনালের বিচারিক স্বচ্ছতা নিয়ে কোনো সংশয় আছে কি না’—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমার মধ্যে কোনো সংশয় নেই।’ তিনি আরও জানান, আদালতে তাঁকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি এবং তাঁর বক্তব্য দেওয়ার স্বাধীনতা রয়েছে।
উল্লেখ্য, মামলার আরেক আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আগেই দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। যুক্তিতর্ক শেষ হওয়ায় মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে।