আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই বিধান রেখে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গণভোট পৃথক রঙিন ব্যালট পেপারে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই প্রবাসীসহ চার শ্রেণির নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা রাখা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণভোট অধ্যাদেশসহ বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।
এর আগে ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের উপায়সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরে এ আদেশ জারি করেন। এ ব্যবস্থার মাধ্যমে জুলাই জাতীয় সনদ আইনি ভিত্তি পেয়েছে এবং নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটের আয়োজন নিশ্চিত হয়েছে।