google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রে আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত: ট্রাম্প প্রশাসনের ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত রাখার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ‘দীর্ঘ সময়’ বজায় রাখার পরিকল্পনা রয়েছে তাঁর প্রশাসনের।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার পরই যুক্তরাষ্ট্র প্রশাসন অভিবাসনপ্রত্যাশীদের সব ধরনের আশ্রয় সিদ্ধান্ত স্থগিত করে। গুলিতে ২০ বছর বয়সী গার্ড সদস্য সারা বেকস্ট্রম নিহত হন এবং আরেক সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রথম–ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মতে, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের আওতায় বিশ্বের ১৯টি দেশ রয়েছে। এসব দেশ আগেই যুক্তরাষ্ট্রের ভ্রমণসংক্রান্ত কঠোর বিধিনিষেধের অন্তর্ভুক্ত ছিল। তালিকায় আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান ও মিয়ানমারসহ আরও দেশ রয়েছে।
লাকানওয়াল আফগানিস্তানে সিআইএ–সমর্থিত বাহিনীর সদস্য ছিলেন এবং ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। চলতি বছরের এপ্রিলে তাঁর আশ্রয়ের আবেদন অনুমোদিত হয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেন, বাইডেন সরকারের দুর্বল যাচাই–বাছাইয়ের সুযোগে তিনি যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পান।
স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে—এ প্রশ্নে ট্রাম্প বলেন, এর কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তিনি দাবি করেন, “আমরা ওই লোকদের চাই না। কারণ তাদের অনেকেই ভালো নয়, এবং তাদের আমাদের দেশে থাকা উচিত নয়।”
তিনি আরও জানান, পুরো ব্যবস্থাকে পুনর্গঠনের সুযোগ দিতে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন ‘স্থায়ীভাবে স্থগিত’ করার পরিকল্পনাও সরকারের বিবেচনায় আছে।