google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এনসিপি এর আগে ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে তাসনিম জারাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। তবে শনিবার সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো দলের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্রভাবে তিনি নির্বাচনে অংশ নেবেন। পোস্টে তিনি এনসিপির নাম উল্লেখ না করলেও দলীয় সূত্র জানিয়েছে, তাসনিম জারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা চিকিৎসক তাসনিম জারা চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের শুরু থেকেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন। অভ্যুত্থানের তরুণ নেতাদের হাত ধরেই দলটির যাত্রা শুরু হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে অংশ নিতে এনসিপি ইতিমধ্যে ১২২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে ঢাকা–৯ আসনে তাসনিম জারার নাম ছিল। তবে সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার খবর ছড়িয়ে পড়লে অভ্যুত্থানে যুক্ত অনেকের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
এই প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারা ফেসবুকে লেখেন, ‘আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম—নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–৯ থেকে অংশগ্রহণ করব।’
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি আরও লেখেন, দলীয় প্রার্থী হলে স্থানীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তাঁর থাকবে না। তিনি বলেন, ‘আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর বিশ্বাস রেখে যদি আপনারা সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।’