টোকিও: মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জেসিয়া ইসলাম গালা রাউন্ডে পরেছেন বিশেষভাবে তৈরি কালো ইভনিং গাউন। এই গাউনটি তৈরি করেছেন বাংলাদেশের লাক্সারি ফ্যাশন হাউস “সানায়া কতুর”-এর সত্ত্বাধিকারী সানায়া চৌধুরী। মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর থেকে জেসিয়ার জন্য মোট সাতটি পোশাক তৈরি করেছেন তিনি।
সানায়া চৌধুরী জানিয়েছেন, প্রায় এক মাস ধরে তৈরি করা হয়েছে জেসিয়ার ইভনিং গাউন। পোশাকটি শরীরের রেখা অনুসরণ করে ডিজাইন করা হয়েছে। স্লিম শিথ সিলুয়েটের ওপর বোনা রয়েছে কালো রুপালি গ্রিড টেক্সচার, যেখানে প্রতিটি ডায়মন্ড ফ্রেমে সূক্ষ্ম হাতের কারুকাজে ক্রিস্টাল ও সিকুইন এম্বলিশমেন্ট দেওয়া হয়েছে। গাউনটির সবচেয়ে নাটকীয় বৈশিষ্ট্য হলো ত্রিমাত্রিক স্কাল্পচারড শোল্ডার উইং, যা বক্ষরেখা থেকে কাঁধ ঘিরে ঢেউয়ের মতো উঠে পোশাকটিকে ফিউচারিস্টিক স্থাপত্যিক সৌন্দর্য দিয়েছে।
মাইক্রো-প্লিটেড অরগানজা ব্যবহার করে আলো-ছায়ার খেলা তৈরি করা হয়েছে, যা লুকটিকে এক ভিন্ন উচ্চতায় তুলে এনেছে। থাই হাই স্লিট, মিনিমাল স্ট্রাকচারিং এবং হ্যান্ডক্রাফটেড এম্বলিশমেন্টের সমন্বয় গাউনটিকে দৃঢ়, মোহনীয়, আধুনিক এবং ফিউচারিস্টিক করেছে।
ডিজাইনার সানায়া চৌধুরী আরও জানিয়েছেন, গাউনটির ফিটিংস জেসিয়ার ক্রমাগত ওজন কমানোর সাথে মিলিয়ে করা হয়েছে। স্কাল্পচারাল শোল্ডার উইংটি তৈরি করা হয়েছে মাইক্রো-প্লিটেড ব্ল্যাক অরগানজা ও স্টিফ টিউল দিয়ে, যার ভেতরে আছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বোনিং এবং হিট-শেপড কার্ভ সাপোর্ট।
গাউনটির সঙ্গে জেসিয়ার সোনালি গয়না তৈরি করেছে গয়নার দোকান ‘ক্যানভাস’, যার নকশা করেছেন ডিজাইনার রাইসা আমিন।
গালা রাউন্ডের এই কালো ইভনিং গাউনের জন্য জেসিয়া ইসলাম ‘বেস্ট ইন ইভনিং গাউন’ পুরস্কার পেয়েছেন। সানায়া চৌধুরীর সঙ্গে এই সম্মিলিত অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বিউটি প্যাজেন্টে একটি অনন্য সাফল্য হিসেবে বিবেচিত হবে।
এর আগে মিস ইউনিভার্সে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার ইভনিং গাউনও তৈরি করেছিলেন সানায়া চৌধুরী।
মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মুকুট উঠেছে কলম্বিয়ার কাতালিনা দুকেহের হাতে।