google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: জর্জিয়ার হুন্দাই কারখানায় অভিযান চালিয়ে আটক করছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাইয়ের কারখানায় বৃহৎ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। এ অভিযানে প্রায় ৪৭৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩০০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রায় তিন হাজার একরজুড়ে বিস্তৃত এই কারখানায় এক বছর ধরে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন হচ্ছিল। শুক্রবারের অভিযানে কারখানার ভেতর থেকে প্রমাণ সংগ্রহ, নথি জোগাড় ও সাক্ষাৎকার নেওয়া হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আটলান্টা অঞ্চলের বিশেষ প্রতিনিধি স্টিভ শ্রাঙ্ক সংবাদ সম্মেলনে বলেন, “এটি কোনো অভিবাসনবিরোধী অভিযান নয়, বরং কয়েক মাস ধরে চলা অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্তের অংশ।
দক্ষিণ কোরিয়া ঘটনাটিতে উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে। দেশটি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি তাদের নাগরিকদের অধিকারকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছে। এদিকে হুন্দাই মোটর কোম্পানি জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের কেউ সরাসরি তাদের কর্মী নন, তবে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দ্বিধাজনক পরিস্থিতি তৈরি করেছে। একদিকে তিনি যুক্তরাষ্ট্রে উৎপাদনশীল শিল্প খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন, অন্যদিকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে বলেন, “ওরা ছিল অবৈধ অভিবাসী এবং আইসিই কেবল তাদের দায়িত্ব পালন করেছে।