চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। এ সময়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদবিষয়ক সচিবালয় তাদের বরাদ্দের এক টাকা পর্যন্ত খরচ করতে পারেনি। এসব মন্ত্রণালয়–বিভাগের ২০টি প্রকল্পে বরাদ্দ ছিল মোট ৪ হাজার ৯৩০ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
আইএমইডি সূত্র জানায়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৪ হাজার ৮০৯ কোটি টাকা। কিন্তু বরাদ্দকৃত অর্থ থেকে কোনো খরচই দেখাতে পারেনি বিভাগটি। একই অবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ প্রকল্পে বরাদ্দ ১২১ কোটি টাকা এবং সংসদ সচিবালয়ের একটি প্রকল্পে বরাদ্দ রয়েছে ২০ লাখ টাকা—তবুও ব্যয়ের হার শূন্য।
এডিপি বাস্তবায়নের জাতীয় চিত্রও উদ্বেগজনক। প্রথম তিন মাসে বাস্তবায়ন হার মাত্র ৫.০৯ শতাংশ। এই সময়ে মোট ব্যয় হয়েছে ১২ হাজার ১৫৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৫৭ কোটি টাকা কম।
চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে, যার অধীনে বাস্তবায়িত হচ্ছে ১ হাজার ১৯৮টি প্রকল্প।
প্রকল্প বাস্তবায়নে এ ধরনের দেরি উন্নয়ন অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।