সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, যদিও খাদ্যবহির্ভূত খাতে দাম বাড়তি রয়ে গেছে।
আজ রোববার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গত ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে একটি নতুন পে কমিশন গঠন করা হয়। এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে তাঁদের প্রকৃত আয় কমে গেছে। এই প্রেক্ষাপটেই নতুন পে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, চালের দাম এখন মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে, তবে যাতায়াত ব্যয় ও বাড়িভাড়া বেড়েছে। সরকার বাজার স্থিতিশীল রাখতে ইউরিয়া ও টিএসপি সার আমদানি, সেদ্ধ চাল আনার উদ্যোগসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে সরকার আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সেদ্ধ চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে। সরকারের লক্ষ্য ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা।
আইএমএফ ঋণ প্রসঙ্গে
অর্থ উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি নিয়ে সিদ্ধান্ত নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে আইএমএফের একটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যালোচনা করবে এবং পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, “আমরা আইএমএফকে জানিয়েছি, এখনই ঋণের কিস্তি ছাড় প্রয়োজন নেই। নির্বাচিত সরকার আসার পর তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।”
আইএমএফের পরামর্শের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজস্ব আয় বাড়ানো ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। আগামী সরকারকে এসব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা ও পরিকল্পনা তৈরি করে দেওয়া হবে।