google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত আবেদনের শুনানি আজ হয়নি
হত্যাসহ পৃথক তিন মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি আজ সোমবার হয়নি। সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক মামলাটি নট টুডে (আজ নয়) রাখেন।
গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও মারাত্মক জখমের অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় গতকাল রোববার হাইকোর্ট থেকে জামিন পান কারাগারে থাকা আইভী। এই পাঁচ মামলার মধ্যে হত্যার অভিযোগে তিনটি এবং মারাত্মক জখমের অভিযোগে দুটি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষের পৃথক আবেদন তিন মামলায় জামিন স্থগিত করার জন্য আদালতে ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আর আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও আইনজীবী এস এম হৃদয় রহমান।
পরবর্তীতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক প্রথম আলোকে জানান, আইভীর আইনজীবীরা সময় নিয়েছেন, তাই শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, পাঁচটি মামলায় হাইকোর্ট আইভীকে জামিন দিয়েছেন। এর মধ্যে চার মামলায় রাষ্ট্রপক্ষের পৃথক আবেদন রয়েছে।
আইভীকে গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি।