নেত্রকোনার বারহাট্টায় বিয়ের দাওয়াত খাওয়া নিয়ে কনের বাড়ির লোকজনের সঙ্গে বিবাদে আহত বরের বাবা আবুল খায়ের (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আবুল খায়েরের ছেলে সগীর মিয়ার সঙ্গে একই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে স্বর্ণা আক্তারের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ৩৫ জন বরযাত্রী কনের বাড়িতে খাওয়া-দাওয়া করেন। কিন্তু কনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বরযাত্রীদের যথাযথ আপ্যায়ন না করার অভিযোগ ওঠে।
সেই সন্ধ্যায় বর-পিতা আবুল খায়ের কনের চাচার চায়ের দোকানে গেলে বিয়েবাড়ির খাওয়া-দাওয়া নিয়ে কনের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কনের চাচাতো ভাই ধন মিয়া, ময়না মিয়া, সোনা মিয়া, পলাশ মিয়াসহ কয়েকজন আবুল খায়েরের ওপর রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে নিহতের ছেলে আলমগীরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।