জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। আজ রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
তাজনূভা জাবীন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং ঢাকা-১৭ সংসদীয় আসনে তাঁকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার উদ্যোগকে কেন্দ্র করে এনসিপিতে অভ্যন্তরীণ সংকট তীব্র আকার ধারণ করেছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের একটি অংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা দল ছাড়ার ঘোষণা দেন। তাঁর আগের দিন বৃহস্পতিবার জামায়াতবিরোধী অবস্থানের জন্য পরিচিত এনসিপি নেতা মীর আরশাদুল হকও পদত্যাগ করেন।
একাধিক শীর্ষ নেতার পদত্যাগে জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে এনসিপির ভেতরে বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে।