জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের চাকরি পুনর্বহন এবং তাদের বকেয়া বেতন–ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন দলটির চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। আজ শনিবার ওই সভার দুই মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ভিডিওতে জহিরুল ইসলামকে ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সমালোচনা করতে দেখা যায়। তিনি বলেন, “কিছু ব্যাংকার ইসলামী ব্যাংককে কলঙ্কিত করতে ষড়যন্ত্র করছে। আপনার ছেলে বা ভাগনে যদি চাকরিচ্যুত হতো তাহলে অনুভব করতেন। আপনি রিজিকে হাত দিয়েছেন, আপনার সন্তান একদিন চাকরিহারা হবেন ইনশা আল্লাহ।”
তিনি আরও বলেন, “যাঁরা কারও রিজিকে আঘাত করার জন্য চাকরিচ্যুতি ঘটান বা ব্যক্তিগত সম্মানে আঘাত করেন, তাঁদের বিচার আল্লাহ করবেন। জামায়াত সরকার গঠন করলে আপনাদের বকেয়া পরিশোধ ও চাকরি ফেরানো হবে।”
সভাটি সঞ্চালনা করেন বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য শহিদুল মোস্তাফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহসহ অন্যান্য নেতারা।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও জহিরুল ইসলাম সাড়া দেননি। খুদেবার্তাও তিনি উত্তর দেননি।