প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি ঠেকানোর মতো কোনো শক্তি নেই। শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবেই। তিনি জানান, কোনো শক্তিই নির্বাচন প্রতিহত করতে পারবে না এবং সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার প্রত্যাশা করছে।
জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন করবে কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাসের উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টি অতীতে স্বৈরাচারী শাসনের ‘দোসর’ হিসেবে পরিচিত ছিল এবং আওয়ামী লীগের নানা অপকর্মে তাদের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
চলমান রাজনৈতিক আলোচনার ‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এই ধারণা যারা ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর দলের লোক। সরকারের পক্ষ থেকে কখনও মাইনাস ফোর প্রসঙ্গে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তিনি আরও বলেন, “যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণেই মাইনাস হয়েছেন।”
এর আগে তিনি মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ৯টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।