ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দুটি দল হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি।
আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এই তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি–আপত্তি আহ্বান করে আগামীকাল বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। কারও দাবি–আপত্তি থাকলে তা ১২ নভেম্বর পর্যন্ত জানানো যাবে। দাবি–আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে জাতীয় লীগের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠায় ইসি পুনঃ তদন্ত চালায়। ইসি সচিব আখতার আহমেদ জানান, পুনঃ তদন্তে রাজনৈতিক কর্মকাণ্ড, ভোটে অংশগ্রহণ ও অতীত নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে জাতীয় লীগের ধারাবাহিকতা পাওয়া যায়নি। তাই দলটি নিবন্ধন পাচ্ছে না।
নির্বাচন কমিশনে নিবন্ধিত না হলে কোনো দল জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে পারে না। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫৩টি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দল নিবন্ধনের আবেদন আহ্বান করার পর ১৪৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে ১২১টি দল বাদ পড়ে। ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালানো হয়, যার মধ্যে তিনটি দল এবার নিবন্ধন পাচ্ছে। এছাড়া, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালতের নির্দেশে নিবন্ধন দেওয়ার বিষয়টি ইসির কাছে আদেশের কপির অপেক্ষায় রয়েছে।