google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল থেকে রাস্তায়: মরক্কো থেকে মাদাগাস্কার পর্যন্ত জেন-জি তরুণদের বিশ্বজুড়ে আন্দোলন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ডিজিটাল থেকে রাস্তায় ছবির ক্যাপশন: ডিজিটাল থেকে রাস্তায়
ad728

মরক্কো থেকে মাদাগাস্কার, পেরু থেকে নেপাল—বিশ্বজুড়ে জেন-জি তরুণরা এখন আর শুধু অনলাইনে নয়, রাস্তায় নেমে সরাসরি পরিবর্তনের দাবি জানাচ্ছে। সামাজিক বৈষম্য, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার সংকট, পানি–বিদ্যুৎ বিভ্রাট—সব মিলিয়ে তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যতের জন্য আন্দোলনের পথ বেছে নিয়েছে।

মরক্কোয় ‘জেন-জি ২১২’

মরক্কোর বিভিন্ন শহরে কয়েক রাত ধরে চলছে ছাত্র ও বেকার তরুণদের নেতৃত্বে বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার ২০৩০ বিশ্বকাপ আয়োজনের অবকাঠামোতে বিলিয়ন ডলার ব্যয় করলেও হাসপাতাল ও শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, যুব বেকারত্ব ৩৬ শতাংশে পৌঁছেছে। আগাদির শহরে গর্ভবতী নারীদের মৃত্যুর ঘটনায় আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী আলোচনার কথা বললেও আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবি করছে।

মাদাগাস্কারে বিদ্যুৎ-পানি সংকটে উত্তাল তরুণরা

হাজার মাইল দূরে মাদাগাস্কারেও তরুণরা রাস্তায়। পানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবিতে পরিণত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

পেরুতে দুর্নীতি বিরোধী তরুণদের আন্দোলন

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতেও তরুণদের বিক্ষোভ জোরদার। ২০ সেপ্টেম্বর শুরু হওয়া আন্দোলন পেনশন সংস্কার থেকে দুর্নীতি ও অপরাধবিরোধী রূপ নেয়। প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা এখন মাত্র ২.৫ শতাংশে নেমে এসেছে।

নেপালে সামাজিক মাধ্যম থেকে রাজপথ

নেপালে গত সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণদের আন্দোলন সরকার পতনের দিকে গড়ায়। রাজধানী কাঠমান্ডুতে সরকারি ভবন পুড়ে যায়, ২২ জন নিহত হন এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়।

বিশেষজ্ঞদের বিশ্লেষণ

লন্ডন স্কুল অব ইকনমিকসের অধ্যাপক বার্ট কামার্টস বলেন, “তরুণরা গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু বর্তমান ব্যবস্থা তাদের আশা পূরণ করছে না।” এসওএএস সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক সুবির সিনহা মনে করেন, ক্ষমতাসীনদের অগ্রাধিকার তরুণদের বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, তাই হতাশা ও ক্ষোভ বাড়ছে।

ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আন্দোলনের বিস্তার

ডিজিটাল মাধ্যমেই দ্রুত সংগঠিত হচ্ছে এসব আন্দোলন। মরক্কোয় ডিসকর্ড সার্ভার ‘জেন-জি ২১২’ কয়েক দিনে ১ লাখ ৩০ হাজার সদস্যে পৌঁছেছে। মাদাগাস্কারে ফেসবুক ও টিকটকের মাধ্যমে সংগঠিত হয়ে তরুণরা নাগরিক সমাজ ও শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে।

জেন-জি প্রজন্ম এখন অনলাইন থেকে রাস্তায় নেমে বাস্তবেই পরিবর্তনের হাল ধরেছে। এক দেশের তরুণদের প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে অন্য দেশে।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ