নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো ধরনের বিপদে ফেলবেন না। তিনি স্পষ্ট করে বলেন, “বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখতে চাই না যে, তারা সংখ্যালঘুদের কোনো রকম সমস্যায় ফেলে বা বিপদের মুখে আনে।”
আজ সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৫০ জন সদস্য, যারা এদিন বিএনপিতে যোগ দেন।
মহাসচিব আরও বলেন, “আমার কাছে অনেক খবর আসে। দয়া করে এই সম্প্রদায়ের মানুষদের কখনো হয়রানি করবেন না। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাঁদের পাশে আছি।” তিনি বিএনপিতে যোগদানকারী মতুয়া সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা আমাদের বন্ধু। আমরা আপনাদের পাশে আছি।”
মির্জা ফখরুল জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সকলের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান। তিনি বলেন, “আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ২০৩০ সালে বাংলাদেশকে রংধনু রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, যেখানে বিভিন্ন সম্প্রদায় একসাথে মিলে থাকবে।”
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, হিন্দু সম্প্রদায়ের নেতা সোমনাথ দে, কপিল কৃষ্ণ মণ্ডল, সোমেন সাহা ও গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি পূজা উদ্যাপন কমিটির সভাপতি রমেন সরকার।