সিলেটে নিজ বাসার তৃতীয় তলার সিঁড়িঘর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবদুর রাজ্জাক (৫৫)। তাঁর বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে গৃহকর্মী বাড়িতে এসে তাঁকে না পেয়ে পরিবারের সদস্যদের জানান। পরে খোঁজাখুঁজি করতে গিয়ে তৃতীয় তলার সিঁড়ির পাশে এক কক্ষে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।