google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ঠিকাদারের-সঙ্গে-বিতণ্ডার-জেরে-চট্টগ্রাম-বিশ্ববিদ্যালয়ের-প্রকৌশলী-মাহফুজুর-রহমান-সাময়িক-বরখাস্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারের সঙ্গে বিতণ্ডার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয় এবং আজ মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে।
বরখাস্ত হওয়া প্রকৌশলীর নাম মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ ও ঠিকাদারি কাজের তত্ত্বাবধান করতেন। ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার আহ্বায়ক করা হয়েছে বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আকতার হোসেনকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মাসে শহীদ ফরহাদ হোসেন হলের গভীর নলকূপ স্থাপন নিয়ে ঠিকাদার নূরুল কবির তালুকদারের সঙ্গে প্রকৌশলী মাহফুজুর রহমানের কথা-কাটাকাটি হয়। নূরুল কবির স্থানীয় হাটহাজারী উপজেলা যুবদলের সদস্যসচিব। পরে ১ অক্টোবর তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
প্রকৌশলী মাহফুজুর রহমানের দাবি, নলকূপের পানিতে সমস্যা থাকায় তিনি ঠিকাদারকে পানি পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। এতে ঠিকাদার ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর হুমকি দেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে সমাধান হলেও পরে তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়।
মাহফুজুর রহমান বলেন, “আমি কোনো ভুল করিনি, শুধু আমার দায়িত্ব পালন করেছি। ঠিকাদার নূরুল কবির আমাকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দিয়েছেন।”
অন্যদিকে ঠিকাদার নূরুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রকৌশলী মাহফুজুর রহমান আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। আমি শুধু তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি, রাজনৈতিক প্রভাব বা হুমকির কোনো বিষয় নেই।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রকৌশলী মাহফুজুর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে। তাই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এতে কোনো রাজনৈতিক প্রভাব নেই। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”