আফ্রিকান ফুটবলে ভুডু বা ‘কালো জাদু’ নিয়ে দীর্ঘদিনের নানা গুঞ্জন থাকলেও, এবার তা সরাসরি অভিযোগ হিসেবে তুললেন নাইজেরিয়ার কোচ এরিক শেলা। রাবাতে গতকাল রাতে ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিনি দাবি করেন, ডিআর কঙ্গোর এক সদস্য টাইব্রেকারের প্রতিটি পেনাল্টির সময় ‘কালো জাদু’ করেছেন।
আফ্রিকান অঞ্চলের প্লে অফে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে নাইজেরিয়া। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ডিআর কঙ্গো ৪-৩ গোলে জিতে মার্চের আন্তমহাদেশীয় প্লে অফে জায়গা নিশ্চিত করে—যেখানে ছয় দল বিশ্বকাপে দুটি স্থানের জন্য লড়বে।
সংবাদ সম্মেলনে শেলা বলেন, ‘প্রতিবার পেনাল্টির সময় কঙ্গোর একজন কালো জাদু করেছে। প্রতিবার... তাই আমরা একটু স্নায়ুচাপে ছিলাম।’ ঠিক কী দেখেছেন—জিজ্ঞেস করা হলে তিনি ডান হাত নেড়ে বোঝানোর চেষ্টা করে বলেন, ‘পানি দিয়ে কিছু করেছে কি না জানি না—এমন কিছু একটা।’
টাইব্রেকারে চারটি স্পটকিক সেভ হয়, একটি লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ শট নিতে যাওয়ার সময় কঙ্গো অধিনায়ক এম্বেমার দিকে একটি বোতল ছোড়া হয়। সেই শট থেকেই জয় নিশ্চিত হয় কঙ্গোর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, শেষ পেনাল্টির আগে কঙ্গো স্টাফদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন শেলা, পরে একটি পানির বোতল হাতে নিয়ে তাঁদের দিকে এগিয়েও যান।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, কঙ্গো শেলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে এই হার নাইজেরিয়ার জন্য বড় ধাক্কা—টানা দ্বিতীয়বারের মতো তারা বিশ্বকাপে খেলতে পারছে না। ১৯৯৪ সালে অভিষেকের পর এর আগে কখনো দুই আসর ধরে বাছাইপর্বে বাদ পড়েনি দেশটি।