google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: রোনালদোর জোড়া গোলেও অপেক্ষায় পর্তুগাল, ইংল্যান্ডের বিশ্বকাপ নিশ্চিত
বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে রেকর্ড-গড়া জোড়া গোল করেও পর্তুগালের বিশ্বকাপ নিশ্চিত করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে ২-২ গোলে ড্র করে অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগালকে।
অন্যদিকে ইউরোপ অঞ্চল থেকে প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। রিগায় লাটভিয়াকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এদিন জয় পেয়েছে ইতালি ও স্পেনও।
রোনালদোর রেকর্ডের পরও অপেক্ষা পর্তুগালের
বিশ্বকাপ নিশ্চিতের সমীকরণে মাঠে নেমে ম্যাচের শুরুতেই আতিলা সালাইয়ের গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে ২২ মিনিটে ও প্রথমার্ধের যোগ করা সময়ে দুই গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে দমিনিক সোবোসলাইয়ের গোলে সমতায় ফেরে হাঙ্গেরি।
এ ড্রয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পর্তুগাল শীর্ষে থাকলেও বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি। হাঙ্গেরির পয়েন্ট এখন ৫।
তবে ব্যক্তিগতভাবে নতুন ইতিহাস গড়েছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৫১ ম্যাচে তাঁর গোল এখন ৪১টি। সব মিলিয়ে ক্যারিয়ারে গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৮।
ইংল্যান্ডের দুর্দান্ত জয়, নিশ্চিত বিশ্বকাপ
লাটভিয়ার বিপক্ষে জিতলেই বিশ্বকাপ নিশ্চিত—এমন সমীকরণের ম্যাচে ৫-০ গোলে জিতে লক্ষ্য পূরণ করেছে ইংল্যান্ড। দুই গোল করেন হ্যারি কেইন, একটি করে গোল করেন আন্থনি গর্ডন ও এবেরেচি এজে, অন্যটি আত্মঘাতী গোল।
এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড ছয় ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখেছে। তারা করেছে ১৮ গোল, হজম করেনি একটিও।
ইতালির আশার আলো
উদিনেতে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে ইতালি। গাত্তুসোর দল জয় পেলেও পারফরম্যান্সে দর্শকদের সন্তুষ্ট করতে পারেনি। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইতালি দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১৮।
আরও কাছে স্পেন
গ্রুপ ‘ই’-এর ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। মিকেল মেরিনো করেন জোড়া গোল, মিকেল অয়রাজাবাল একটি এবং একটি আত্মঘাতী গোল। এ জয়ে স্পেন টানা চার ম্যাচে জয় পেলেও তুরস্কের জয়ের কারণে এখনই বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি।
চার ম্যাচে ১৫ গোল করে একটিও না হজম করা স্প্যানিশরা এখন বিশ্বকাপের আরও কাছাকাছি।