চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন শোবিজ অঙ্গনে গুঞ্জন থাকলেও, বাস্তবে সালমান-মৌসুমী জুটি ভেঙে যাওয়ার মূল কারণ ছিলেন সালমানের স্ত্রী সামিরার সন্দেহ। এই তথ্য জানিয়েছেন সালমান শাহর সহকারী মুনসুর আলী।
একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে মুনসুর আলী বলেন, সামিরা হক মৌসুমীকে নিয়ে সন্দেহ করতেন। সেই কারণে ‘দেনমোহর’ সিনেমার পর সালমান আর কোনো ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি। মুনসুর আলী জানান, সিনেমার গল্প ভালো হলেও সামিরার সন্দেহের কারণে সালমান বলেছিলেন, “আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।”
মুনসুর আলী আরও জানান, সালমান-শাবনূরের সম্পর্ক ভাইবোনের মতো ছিল। তিনি বলেন, “সালমান ভাই সব নায়িকাকেই সম্মান করতেন। শাবনূরকে প্রথম দেখাতেই বলেছিলেন, ‘তোমার ছোট বোনের মতো।’”
তিনি সালমান শাহকে ভদ্র, পরিশ্রমী এবং পরিবারের প্রতি নিবেদিত একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন। শুটিং শেষে তিনি কখনো আড্ডা দিতেন না, বরং দ্রুত বাড়ি ফিরে যেতেন।
সালমান শাহর মৃত্যু ঘটে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। দীর্ঘদিন এটি আত্মহত্যা বলে মনে করা হলেও, ২৯ বছর পর আদালত হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।