রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে পুলিশের একটি রেকার গাড়ির চাপায় মো. কাওছার আহামেদ (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পোস্তগোলার আদ-দ্বীন ব্যারিস্টার রফিক–উল হক হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতে। পথচারীরা কাওছারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কাওছার দক্ষিণখান থানার নগরবাড়ি রোডের মো. জয়নাল আবেদীনের ছেলে। চাকরির কারণে তিনি খিলগাঁও সিপাহিবাগ এলাকায় স্ত্রীসহ থাকতেন। দুই ভাইয়ের মধ্যে কাওছার ছিলেন ছোট।
কাওছারের ভাই মো. উজ্জ্বল আহামেদ জানান, হানিফ ফ্লাইওভারে ওঠার সময় পেছন থেকে পুলিশের একটি রেকার গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাওছারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহ হস্তান্তর করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সাহিদুর রহমান।