গাজা যুদ্ধের অবসান এখনো হয়নি বলে সতর্ক করেছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হামাস যতদিন পর্যন্ত নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত যুদ্ধ শেষ হবে না।
সোমবার জেরুজালেমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লেফটেন্যান্ট কমান্ডারদের এক সম্মেলনে সেনাপ্রধান বলেন,
“আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা এক পবিত্র মিশনে আছি— গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।”
তিনি আরও বলেন, “আইডিএফ অতীতকে কাঁধে নিয়ে ভবিষ্যতের দিকে তাকায়। যা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য, আমরা তা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব।”
📌 পটভূমি:
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন শুরু হয়। দুই বছরের এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।
গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি ২০ দফা পরিকল্পনা পেশ করেন, যা ইসরায়েল ও হামাস উভয়ই মেনে নেয়। পরিকল্পনা অনুযায়ী ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়।
তবে প্রথম ধাপে জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার শর্ত পূর্ণ হয়নি। হামাস এখন পর্যন্ত ১৫ জন মৃত ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে, কিন্তু ১৩ জনের মরদেহ এখনও ফেরত দেয়নি।
হামাসের দাবি, নিহত ২৮ জিম্মির অবস্থান সম্পর্কিত তথ্যধারীরা আইডিএফের অভিযানে মারা গেছেন, ফলে তাদের দেহাবশেষের অবস্থান অজানা। তবে ইসরায়েল এই যুক্তি প্রত্যাখ্যান করে বলছে, যতদিন পর্যন্ত সব জিম্মির দেহ ফেরত না আসবে, ততদিন গাজা যুদ্ধ চলবে।