google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: দুই-কিলোমিটার-ধাওয়া-করে-মোটরসাইকেল-আরোহীকে-গাড়িচাপা-দিয়ে-হত্যা-করল-দম্পতি
ভারতের বেঙ্গালুরুতে এক ভয়াবহ ঘটনায় এক দম্পতি গাড়ি নিয়ে দুই কিলোমিটার ধাওয়া করে এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে হত্যা করেছেন। ওই মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২৫ অক্টোবর রাতে। পরে পুলিশ অভিযুক্ত দম্পতি মনোজ কুমার ও তাঁর স্ত্রী আরতি শর্মাকে গ্রেপ্তার করেছে।
নিহত মোটরসাইকেলচালকের নাম দর্শন। তাঁর সঙ্গে ছিলেন বন্ধু বরুণ, যিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত হয় সামান্য এক সড়ক দুর্ঘটনা থেকে। মোটরসাইকেলটির সঙ্গে মনোজদের গাড়ির ধাক্কা লাগায় গাড়ির সাইড মিরর ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মনোজ ও আরতি মোটরসাইকেল আরোহীদের পিছু নেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দম্পতি তাঁদের গাড়ি দিয়ে মোটরসাইকেলটিকে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে পেছন থেকে ধাক্কা দেন। এতে দর্শন ও বরুণ রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর দম্পতি তাঁদের রক্তাক্ত অবস্থায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যান।
তদন্তে পুলিশ আরও জানতে পারে, মনোজ ও আরতি প্রথমে একবার ধাক্কা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে গাড়ি ঘুরিয়ে এসে আবার মোটরসাইকেলটিকে ধাক্কা দেন। ঘটনাস্থল থেকে পালানোর পর তাঁরা মুখোশ পরে আবার ফিরে এসে গাড়ির ভাঙা অংশ কুড়িয়ে নিয়ে যান, যেন প্রমাণ মুছে ফেলা যায়।
প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা মামলা হিসেবে ধরা হলেও, পরবর্তীতে পুলিশ হত্যার মামলা হিসেবে রেকর্ড করে। বর্তমানে মনোজ ও আরতি হত্যার অভিযোগে গ্রেপ্তার আছেন এবং তদন্ত চলছে।