google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: রাজধানীতে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে হেনস্তা: রমজান পরিবহনের কন্ডাক্টর গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীকে পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ঘটনায় অভিযুক্ত বাসকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম নাজিম উদ্দিন (৪৫)। তিনি রমজান পরিবহনের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাসে ওঠার পর তরুণী তাঁর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। সামনে বসা ব্যক্তি (নাজিম উদ্দিন) তাঁর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানালে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তাঁকে চড় মারেন। তরুণীও পাল্টা প্রতিরোধে জুতা খুলে আঘাত করেন। পরে বাসের ভেতরে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁরা দুজনই পড়ে যান, তবে তরুণী উঠে দাঁড়িয়ে আবারও আত্মরক্ষা করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে তরুণীর সাহসিকতার প্রশংসা করেন, আবার কেউ কেউ উভয় পক্ষের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।
র্যাব-৪–এর মেজর আবরার ফয়সাল সাদী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর র্যাব অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে নাজিম উদ্দিনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ছাত্রী শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলাগামী রমজান পরিবহনের বাসে ঘটনাটি ঘটে। বাসটি মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে নাজিম উদ্দিন তরুণীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। প্রতিবাদ করলে তিনি তাঁকে চড় মারেন, আর তরুণী আত্মরক্ষার্থে জুতা খুলে পাল্টা আঘাত করেন।