বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী (৯ ডিসেম্বর) উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বপূর্ণ নারীদের জন্য প্রদত্ত বেগম রোকেয়া পদক এবার পেলেন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।
ঋতুপর্ণা চাকমা রাঙামাটির পাহাড়ি এলাকায় জন্মগ্রহণ করেছেন। ব্যক্তিগত চ্যালেঞ্জ পেরিয়ে তিনি দেশের ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তিনি জানান, “প্রতিটি পুরস্কারই সম্মান ও গৌরবের। এই বছরই একুশে পদক পেয়েছি, যা দলীয়ভাবে গৌরবের। এবার ব্যক্তিগতভাবে রোকেয়া পদক পাওয়ায় এটি আমার কাছে আরও বিশেষ।”
তিনি আরও বলেন, “প্রতিটি খেলোয়াড় দেশের জন্য লড়ে। সব খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করে উঠে আসেন। একজন বিশিষ্ট নারী নেত্রীর নামে এই পদক পাওয়ার পর আমার দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়েছে। এই পদক আমাকে আরও অনুপ্রাণিত করেছে, আমি দেশের জন্য আরও কিছু করার চেষ্টা করব।”
সরকার প্রতি বছরই বেগম রোকেয়া পদক প্রদান করে আসছে। এ পর্যন্ত ক্রীড়াঙ্গনের কোনো ক্রীড়াবিদকে এই পদক দেওয়া হয়নি। গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামি এই সম্মান পেয়েছিলেন। এবার ক্রীড়াঙ্গন থেকে ঋতুপর্ণা চাকমা এই পদক অর্জন করে নতুন নজির স্থাপন করলেন।
ঋতুপর্ণা আরও বলেন, “ক্রীড়াবিদরা দেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করে। একজন নারী ক্রীড়াবিদকে দেখে সমাজের আরও অনেকে খেলাধুলা ও নানা কাজে অনুপ্রাণিত হন। আমার মতো আরও অনেক নারী ক্রীড়াবিদ রয়েছেন, যারা আগামীতে এই পদক পেলে তারা অনুপ্রাণিত হবেন।”