google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: ঢাকায়-ভূমিকম্প–পরবর্তী-পরিস্থিতি:-জগন্নাথ-বিশ্ববিদ্যালয়ে-চার-দিন-ক্লাস-বন্ধ,-হল-খালি-করার-নির্দেশ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই কারণে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর অংশ হিসেবে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের আজ (রোববার) বিকেল পাঁচটার মধ্যে হলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
২৪–২৭ নভেম্বর ২০২৫: সব ক্লাস–পরীক্ষা বন্ধ
৩০ নভেম্বর–৪ ডিসেম্বর ২০২৫: শুধুমাত্র অনলাইন ক্লাস, পরীক্ষা বন্ধ
চলমান মৌখিক পরীক্ষা লিখিত সম্মতি সাপেক্ষে নেওয়া যাবে
কেন্দ্রীয় গ্রন্থাগার ও উন্মুক্ত পাঠাগার বন্ধ
নওয়াব ফয়জুন্নেসা হল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ
সব ভবনের ঝুঁকি মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ কমিটি কাজ করবে
অফিস কার্যক্রম স্বাভাবিক থাকবে
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভূমিকম্পের আতঙ্কে সব ক্লাস–পরীক্ষা স্থগিত করা হলেও অফিস কার্যক্রম চালু ছিল। শিক্ষার্থী পরিবহন বন্ধ থাকলেও শিক্ষক-কর্মকর্তাদের বাস চলমান ছিল। জকসু নির্বাচনের কাজও চলছিল।