google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ছবির ক্যাপশন: সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ, আন্দোলনের হুঁশিয়ারি সিলেট জেলা বিএনপি সভাপতির
সিলেটের সড়ক ও যোগাযোগব্যবস্থার নাজুক অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বুধবার বিকেলে দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে সড়কের বেহাল অবস্থা নিয়ে লাইভ সম্প্রচার করেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে সিলেটবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
লাইভে তিনি বলেন,
“সিলেট থেকে ঢাকায় যেতে এখন ১৬ থেকে ২৪ ঘণ্টা সময় লাগে। মহাসড়ক ভগ্নদশায়, আঞ্চলিক সড়কগুলোও বেহাল। ছয় বছর আগে ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো মাত্র ৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।”
তিনি আরও জানান, আগে যেখানে ৩ থেকে ৪ ঘণ্টায় সিলেট থেকে ঢাকায় যাওয়া যেত, এখন সেখানে সময় লাগছে ১৬ থেকে ২৪ ঘণ্টা। তিনি বলেন, “মানুষ এখন চরম দুর্ভোগে। যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, ক্ষুব্ধ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।”
দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় সিলেট–ফেঞ্চুগঞ্জ–মৌলভীবাজার–জগদীশপুর আঞ্চলিক সড়কের পাশ থেকে তিনি লাইভ করলে মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এদিকে, দীর্ঘ আট বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ ধীরগতিতে চলছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। রাজনৈতিক পালাবদলের পর কাজ বন্ধ হয়ে পড়ায় যানজট বেড়েছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।
এর আগে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী-ও একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কারকাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।