প্রায় এক বছর ধরে চলছে বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন। দীর্ঘ নীরবতার পর অবশেষে এক পডকাস্টে হাজির হয়ে প্রথমবারের মতো এসব গুঞ্জন নিয়ে সরাসরি কথা বললেন অভিষেক। তিনি স্পষ্টভাবেই জানালেন—বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’, ‘ভিত্তিহীন’ ও ‘বানানো’।
অভিষেক বলেন, ‘সেলিব্রিটি হলে মানুষ গল্প তৈরি করবেই। আমাদের নিয়ে যা লেখা হয়েছে, সব মিথ্যা। কোনো তথ্যের ভিত্তি নেই। বিদ্বেষপূর্ণ এবং ভুল। বিয়ের আগেও তারা ঠিক করত কবে আমাদের বিয়ে হবে, আর বিয়ের পর কবে বিবাহবিচ্ছেদ হবে! সব বাজে কথা। আমরা জানি কী সত্য, সেটাই মুখ্য।’
তিনি আরও বলেন, মিডিয়াকে তিনি দেশের বিবেক মনে করেন, তবে পরিবারের বিষয়ে মিথ্যা প্রচারণা বরদাস্ত করবেন না। ‘আমাকে নিয়ে যা খুশি বলুক, কিন্তু পরিবারকে নিয়ে মিথ্যা বললে জবাব দিতেই হবে,’ বলেন অভিষেক।
ঐশ্বরিয়া ও অভিষেকের ১৪ বছর বয়সী মেয়ে আরাধ্য প্রসঙ্গে তিনি জানান, তার মা তাকে অত্যন্ত সুন্দরভাবে বড় করছেন। আরাধ্যের নিজের ফোন নেই, এবং বাইরে কী লেখা হয় তা সে গুরুত্ব দেয় না। ‘ও জানে—সব লেখা সত্যি নয়,’ বলেন অভিষেক।
অভিষেক জানান, ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল ববি দেওলের সঙ্গে এক ডিনারে, যা অনেকের ধারণা—‘ঢাই অক্ষর প্রেম কি’র সেটে প্রথম দেখা—তার বিপরীত।
বিয়ের কারণে অভিনেতার ভক্ত কমে যায়—এ ধারণাকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন অভিষেক। তাঁর ভাষায়, ‘আমাদের বিয়ের ১৮ বছর, ফ্যান–ফলোয়ার কমেনি—আমার স্ত্রীই তার প্রমাণ।’
বিয়ে মানুষকে বদলে দেয় মন্তব্য করে অভিষেক বলেন, বয়স ও পরিস্থিতির সঙ্গে মানুষের লক্ষ্য ও সিদ্ধান্ত বদলায়। পরিবারের প্রতি দায়িত্ববোধই এখন তাঁর অগ্রাধিকার।