লাইফ সাপোর্টে থাকা অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গতকাল বুধবার রাত থেকেই তাঁর রক্তচাপ কমতে থাকে। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা জানিয়েছেন, সর্বোচ্চ চেষ্টা করেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
হুমায়রা নওশিন বলেন, ‘সকালে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কিছুই বলতে পারছেন না। শুধু বলেছেন, কোনো উন্নতি নেই, বরং আরও অবনতি হয়েছে। আল্লাহর কাছে তাঁকে চাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।’
পরিবার জানায়, উন্নত চিকিৎসার জন্য তিনু করিমকে অন্য হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থার ওপরই সবকিছু নির্ভর করছে।
গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা তিনু করিম। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ২৪ নভেম্বর তাঁকে ঢাকায় এনে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দুই দিন আগে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হয়েছিল। কিন্তু গতকাল রক্তচাপ ও সুগার লেভেল হঠাৎ কমে গেলে তিনি জ্ঞান হারান। পরে তাঁকে আবার আইসিইউ এবং শেষে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে নওশিন বলেন, ‘সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, যাতে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।’ তাঁদের ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
অভিনেতা তিনু করিম দুই যুগ ধরে অভিনয়ে যুক্ত। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে তাঁর টিভি নাটকে অভিষেক। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর ‘রাত জাগা ফুল’, *‘আলতা বানু’*সহ অসংখ্য নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করেছেন।