গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রতি অন্ধভাবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই মডেলগুলোর ভুল করার প্রবণতা আছে, তাই ব্যবহারকারীদের এগুলোকে অন্যান্য যাচাইযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে হবে।
পিচাই বলেন, “তথ্যের একটি বহুমুখী ইকোসিস্টেম জরুরি—যেখানে মানুষ কেবল এআই-নির্ভর না হয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করতে পারে। এ কারণেই মানুষ এখনো গুগল সার্চ ব্যবহার করে।” তিনি আরও জানান, সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে এআই সহায়ক হতে পারে, তবে ব্যবহারকারীদের বুঝতে হবে কোন কাজের জন্য এআই কার্যকর এবং কোথায় এটির ওপর অন্ধভাবে ভরসা করা উচিত নয়।
পিচাইয়ের মন্তব্যের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য, গুগলের সর্বাধুনিক এআই মডেল জেমিনি ৩.০ ইতিমধ্যেই বাজারে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে শুরু করেছে। মে মাস থেকে গুগল সার্চে ‘এআই মোড’ চালু করা হয়েছে, যেখানে সংযুক্ত করা হয়েছে জেমিনির চ্যাটবট। এর লক্ষ্য ব্যবহারকারীর কাছে যেন মনে হয়, তিনি একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন।
পিচাই জানান, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গেই নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা প্রয়োজন। গুগল এআই গবেষণায় যেমন এগোচ্ছে, ঠিক একই অনুপাতে এআই–সংক্রান্ত নিরাপত্তায়ও বিনিয়োগ বাড়াচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, “আমরা এমন প্রযুক্তি নিয়ে আসছি, যা বোঝাবে কোনো ছবি এআই দিয়ে তৈরি কিনা।”
এআই চ্যাটবটগুলো কখনো কখনো সংবাদ সংক্ষেপে ভুল তথ্য উপস্থাপন করতে পারে—পিচাইয়ের সতর্কবার্তাও এ বিষয়ক গবেষণার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
গুগল এআই এবং প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর উদ্ভাবন দ্রুত এগোচ্ছে, কিন্তু পিচাই ব্যবহারকারীদের সতর্ক থাকার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।