google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডায়াবেটিসসহ নির্দিষ্ট রোগে ভুগলে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া কঠিন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
ছবির ক্যাপশন: ডায়াবেটিসসহ-নির্দিষ্ট-রোগে-ভুগলে-যুক্তরাষ্ট্রের-ভিসা-পাওয়া-কঠিন ছবির ক্যাপশন: ডায়াবেটিসসহ-নির্দিষ্ট-রোগে-ভুগলে-যুক্তরাষ্ট্রের-ভিসা-পাওয়া-কঠিন
ad728

ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্থূলতা ও মানসিক সমস্যা–এমন কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন এক নির্দেশনায় দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের আবেদনকারীদের স্বাস্থ্যগত অবস্থার ভিত্তিতে ভিসা বাতিলের ক্ষমতা দিয়েছে।

গত বৃহস্পতিবার পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, যাঁরা বয়স বা স্বাস্থ্যগত কারণে যুক্তরাষ্ট্রে সরকারের খরচের বোঝা বাড়াতে পারেন, তাঁদের ভিসা আবেদন বাতিল করা যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নতুন নিয়মে আবেদনকারীদের যোগ্যতা নির্ধারণে স্বাস্থ্য দিকটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশনায় ভিসা কর্মকর্তারা আবেদনকারীর স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়নের ওপর আরও বেশি ক্ষমতা পেয়েছেন। যেসব স্বাস্থ্য সমস্যা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল করে তুলতে পারে—যেমন হৃদ্‌রোগ, ডায়াবেটিস, ক্যানসার, শ্বাসকষ্ট, স্নায়বিক বা মানসিক সমস্যা—এসবের কারণে আবেদন বাতিল করা সম্ভব হবে।

এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অবস্থানেরই অংশ, যার লক্ষ্য অননুমোদিত অভিবাসীদের বিতাড়ন ও নতুন অভিবাসন সীমিত করা। এর আগে নির্দিষ্ট দেশ থেকে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ করা এবং গণগ্রেপ্তারের ঘটনাও এই নীতির অংশ ছিল।

আইনজীবী চার্লস হুইলার, ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের জ্যেষ্ঠ কর্মকর্তা, বলেন যে নির্দেশনাটি পররাষ্ট্র দপ্তরের ‘ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল’-এর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। কারণ সেখানে বলা আছে, কেবল অনুমানের ভিত্তিতে কোনো ভিসা আবেদন বাতিল করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনকারীর স্থূলতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে, কারণ এটি হাঁপানি, উচ্চ রক্তচাপ ও নিদ্রাহীনতার মতো সমস্যা তৈরি করে সরকারি খরচ বাড়াতে পারে। এছাড়া আবেদনকারী নিজে চিকিৎসার খরচ বহন করতে পারবেন কি না, সেটিও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

বিশ্বজুড়ে প্রায় ১০ শতাংশ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং হৃদ্‌রোগ এখনো অন্যতম প্রধান মৃত্যুর কারণ। এই বাস্তবতায় নতুন নীতিটি স্বাস্থ্যজনিত কারণে অভিবাসন প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ