বিশ্বের কিছু দেশের পাসপোর্ট এতই শক্তিশালী যে এগুলোধারীরা বিশ্বের অধিকাংশ দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। বর্তমানে এই তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুরের পাসপোর্ট। সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ১৯৩টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। তবে কিছু নির্দিষ্ট দেশে আগাম ভিসা নিতে হয়।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স এই শক্তিশালী পাসপোর্টের সূচক নিয়মিত প্রকাশ করে আসছে। তারা আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে বিশ্বের ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনা করে ১৯৯ দেশের পাসপোর্টের সূচক তৈরি করে। এতে দেখা যায় কোন দেশের পাসপোর্ট দিয়ে কতগুলো দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ সম্ভব।
সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের জন্য যেসব দেশে আগাম ভিসা বাধ্যতামূলক, তার মধ্যে আছে আফগানিস্তান, ভারত, পাকিস্তান, রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইয়েমেন, ইরাক, ভুটান, নাইজেরিয়া ও অন্যান্য ৩৩টি দেশ।
হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, ভিসার প্রয়োজন এবং নিষেধাজ্ঞা নির্ভর করে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নীতির উপর। ফলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারীরাও কিছু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন না।