দুই দফার ভোটের পর বুথ ফেরত জরিপ অনুযায়ী বিহারে ক্ষমতায় ফিরে আসতে চলেছে বিজেপি ও নিতীশ কুমারের জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় ভোট শেষ হওয়ার পরই বিভিন্ন সংস্থার জরিপ প্রকাশিত হতে শুরু করে। প্রতিটি জরিপে দেখা যাচ্ছে, এনডিএ জোট বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছে।
বিহারের বিধানসভার মোট আসনসংখ্যা ২৪৩। পাঁচ বছর আগে কেন্দ্রীয় ক্ষমতায় থাকা বিজেপি ও আরজেডির মধ্যে তুমুল লড়াই হয়েছিল। ২০১৫ সালে আরজেডি জিতেছিল ৭৫ আসনে, বিজেপি ৭৪ আসনে, আর জেডিইউ পেয়েছিল ৪৩ আসন। এবারের বুথ ফেরত জরিপে নিতীশ কুমারের নেতৃত্বে এনডিএ আগেরবারের চেয়ে বেশি ব্যবধানে জয়ী হতে চলেছে।
বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী:
-
ভাস্কর: এনডিএ ১৪৫–১৬০ আসন, আরজেডি-কংগ্রেস ও বামপন্থী মহাজোট ৭৩–৯১ আসন
-
জেভিসি: এনডিএ ১৩৫–১৫০ আসন, মহাজোট ৮৮–১০৩ আসন
-
ম্যাট্রিজ: এনডিএ ১৪৭–১৬৭ আসন, মহাজোট ৭০–৯০ আসন
-
পি-মার্ক: এনডিএ ১৪২–১৬২ আসন, মহাজোট ৮০–৯৮ আসন
-
চানক্য স্ট্র্যাটেজিস: এনডিএ ১৩০–১৩৮ আসন, মহাজোট ১০০–১০৮ আসন
পঞ্চসংস্থার গড় করে পোল অব পোলস অনুযায়ী এনডিএ ১৪৬ আসন এবং মহাজোট ৯০ আসন পাচ্ছে।
এবার ভোটে তৃতীয় শক্তি হিসেবে আলোচনায় আসে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি, কিন্তু কোনো জরিপই তাদের একটিও আসন দেয়নি। দুই প্রধান জোটের বাইরে যারা লড়েছেন, তারা মিলে বড়জোর ২–৫টি আসন জিততে পারে।
বুথ ফেরত জরিপ মিলে গেলে বলা যাবে, নিতীশ কুমার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। দীর্ঘকাল (২০ বছর) মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নিতীশের জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। বিজেপি এবার মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশের নাম আগে থেকে ঘোষণা করেনি, যদিও মহাজোট তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল।